গোবিপ্রবি: ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা।
শুক্রবার (২৭ মার্চ) ‘সি’ ইউনিট তথা ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা।
সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে এরইমধ্যে মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চলতি শিক্ষাবর্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৯৩৩৫ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে। এর মধ্যে ২৭ মার্চ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বাণিজ্য শাখার (সি ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১০৭০ ভর্তিচ্ছু। ৩ এপ্রিল ২০২৬ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় ৩৮১৩ জন এবং ১০ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় ৪৪৫২ জন ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ ইউনিটভুক্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০, বি ইউনিটে ৫০০ এবং এ ইউনিটে ৭৫৫ টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৫০৫টি।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. এস এম আহসান বলেন, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এরইমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল প্রকার জালিয়াতি এড়াতে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষার দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া সবাইকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনের আশপাশে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রক্টর আরও জানান, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব প্রকার যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরীক্ষা শুরুর ১ (এক) ঘণ্টা পূর্বে থেকে পরীক্ষাকালীন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বহিরাগত কেউ মোটর সাইকেল বা অন্য কোনো যানবাহন ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন, ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কোনো প্রকার অস্থায়ী ভাসমান দোকান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপন করা যাবে না।
এছাড়াও পরীক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক মেডিকেল টিম, জরুরি অ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রস্তুত থাকবে।