ঢাকা: পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদে সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে ।
সোমবার (৩০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করেন।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ-সহ সহকারী প্রক্টররা, অনুষদের শিক্ষকরা, শিক্ষার্থীরা, সাংস্কৃতিক ব্যক্তিরা ও শিল্পীরা উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, উৎসবটি সফল করতে ইতোমধ্যেই বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।