টাঙ্গাইল: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।
বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন।
এ সময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা অ্যাকাউন্টস অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার সারোয়ার ধ্রুব, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর ও সহকারী প্রধান শিক্ষক আব্দুর রউফ এবং বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারের মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করেছে, যেখানে শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষা, আধুনিক কৃষি ও তথ্যপ্রযুক্তি নির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। ক্ষুদে বিজ্ঞানীদের এসব সৃজনশীল উপস্থাপনা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।