রাবি: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে পান্তা-ইলিশ, গ্রামীণ খেলা ও গান-নৃত্যের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে শিক্ষার্থী ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় পান্তা-ভাত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সকাল ১০টায় হাড়ি ভাঙা এবং ১১টায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বছরকে বরণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমরা এবার নববর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে এই পহেলা বৈশাখ উদযাপন করছি। বিগত বছরের সময়গুলোতে আপনারা দেখেছেন, অন্যান্য রাজনৈতিক সংগঠনের কারণে সহাবস্থান ছিল না। আমরা রাবি শাখা ছাত্রদল দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন পদে থেকে সকল শিক্ষার্থী এবং রাজনৈতিক সংগঠনের সহাবস্থান নিশ্চিত করেছি। আমরা সবাই এবারের পহেলা বৈশাখ অনেক উৎসবমুখর পরিবেশে উদযাপন করছি।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা রাবি শাখা ছাত্রদল বদ্ধপরিকর।’
শাখা ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক রেদওয়ান ইসলাম হৃদয় বলেন, ‘বাঙালিদের প্রাণের উৎসব এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা রাবি শাখা ছাত্রদল নানা রকম কর্মসূচির আয়োজন করেছি। গ্রামের সকল ঐতিহ্যকে ধারণ করে আমরা শিক্ষার্থীদের জন্য নানারকম খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখেছি। দীর্ঘ ১৭ বছর পর রাবি শিক্ষার্থীরা যে উৎসবমুখর পরিবেশ পেয়েছে, তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই আয়োজন শিক্ষার্থীরা অনেক সুন্দরভাবে উপভোগ করছে এবং ভবিষ্যতে ছাত্রদলের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।’