রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ, স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় সি ইউনিটভুক্ত অ-বিজ্ঞান শাখার ফলাফল নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ন্যূনতম ৪০ নম্বরপ্রাপ্ত সব পরীক্ষার্থীকে কৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে।
রোববার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত ফলাফলে কৃতকার্য পরীক্ষার্থীদের মধ্য থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। একইসঙ্গে বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু কৃতকার্য শিক্ষার্থীদের ক্ষেত্রেও নির্ধারিত নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ বিষয়ে শীঘ্রই পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছু যেসব পরীক্ষার্থী ওএমআর (OMR) শিটে সম্মতিসূচক বৃত্ত পূরণ করেছে, তাদের মধ্যে সংশোধিত ফলাফলে কৃতকার্যদের অতিসত্বর ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল প্রকাশিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের অবিজ্ঞান শাখার ফলাফলে ন্যূনতম ৪০ বা তার বেশি নম্বর পেয়েও কয়েকশ শিক্ষার্থীকে ফেল দেখানো হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়ভিত্তিক পাস নম্বরের বাধ্যবাধকতা না থাকলেও, বিজ্ঞান শাখার শর্ত অ-বিজ্ঞান শাখার ফলাফলে প্রয়োগ করায় এ বিভ্রাট সৃষ্টি হয়েছে বলে দাবি করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এছাড়াও ফলাফল প্রকাশের পর থেকেই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা ও অভিভাবকেরা ফল পুনঃপ্রকাশ, ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এবং কোটাভিত্তিক ভর্তি প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছিলেন।