Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে বহিরাগতদের হাতে জাবি ও ইবি শিক্ষার্থী আহত

ইবি করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৮:১৪

আহত জাবি ও ইবি শিক্ষার্থী।

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ সরোবর এলাকায় আপত্তিকর অবস্থায় থাকা বহিরাগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ক্যাম্পাস সংলগ্ন থানা গেট এলাকায় ভ্যানে থাকা অবস্থায় এ হামলার শিকার হন তারা। এতে একজনের দাঁত অর্ধেক ভেঙে যাওয়াসহ গুরুতর আহত হয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর এলাকায় এক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখেন ইবি চারুকলা বিভাগের শিক্ষার্থী তরুণ বিশ্বাস, জাহিন আফিফা এবং জাবি চারুকলা থেকে বেড়াতে আসা শিক্ষার্থী লিখন। পরে ওই যুগলের কাছে ক্যাম্পাস শিক্ষার্থীরা পরিচয় জানতে চাইলে তারা স্থানীয় কয়েকজনকে ফোন করে ডেকে আনে। মুহূর্তেই ৫-৬টি মোটরসাইকেলে বেশ কয়েকজন স্থানীয় যুবক ও আরেক জোড়া যুগল সেখানে জড়ো হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসের সিকিউরিটি সেলের আরশাদ বহিরাগতদের লাঠি দিয়ে কয়েকজনকে মারধর করেন এবং দ্রুত ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেন। এই ঘটনার জের ধরেই শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে ধারণা করা হচ্ছে।

এদিকে সন্ধ্যায় জাবি শিক্ষার্থী লিখনের মোটরসাইকেল নষ্ট হয়ে গেলে তা মেরামতের জন্য তরুণ ও ঐশী নামের অপর এক শিক্ষার্থীকে নিয়ে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে যান। পরে বাজার থেকে ভ্যানে ক্যাম্পাসে ফেরার পথে ইবি থানা গেট এলাকায় ১০-১২ জন স্থানীয় যুবক তাদের গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল ও কিল-ঘুষি মারেন।

হামলায় ইবি শিক্ষার্থী তরুণ বিশ্বাসের নাক, কান ও চোখের নিচে গুরুতর জখম হয় এবং তার একটি দাঁত ভেঙে যায়। এ সময় জাবির শিক্ষার্থী লিখনও আহত হন। খবর পেয়ে প্রক্টোরিয়াল বডির সদস্য এবং ক্যাম্পাসের শিক্ষার্থীরা উপস্থিত হওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

এবিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী তরুণ বিশ্বাস বলেন, ‘আমাদের ওপর আগে থেকেই নজর রাখা হচ্ছিল। শেখপাড়া থেকে ফেরার পথে হঠাৎ ১০-১২ জন মিলে আমাদের ওপর আক্রমণ করে। তাদের হাতে ইট জাতীয় কিছু ছিল। আমার একটা দাঁত ভেঙে গেছে এবং নাকে মারাত্মক আঘাত পেয়েছি।’

এদিকে আহতদের উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তরুণের নাকের হাড় ভেঙেছে কি-না তা নিশ্চিত করতে রাত আটটার দিকে তাদের দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। তবে রাত সাড়ে এগারোটার দিকে এক্স-রে রিপোর্টে বড় ধরনের হাড়ের ফাটল না ধরা পড়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারুকলার ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিখন বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে ক্যাম্পাসে ঘুরতে গেছিলাম। তখন ইবি চারুকলার কয়েকজনের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় আছে। ওদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঘোরাঘুরি করি। আমরা লেকপাড়ে উপস্থিত হলে স্কুলপড়ুয়া কাপলদের কিছুটা আপত্তিকর অবস্থায় দেখলে তরুণ ওর বন্ধুদের জানান এবং জাহিন আফিফা প্রক্টরকে কল দেন। পরে ওই যুগলরাও স্থানীয় কিশোর গুন্ডাদের কল দিয়ে ডাকেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে মীমাংসা করে দেন। এরপর আমার বাইক নষ্ট হলে তরুণ ও ঐশীকে নিয়ে শেখপাড়া আমি গিয়েছিলাম। তখন ফেরার পথে হামলা করা হয় আমাদের ওপর।

এদিকে ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দোষীদের চিহ্নিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা রাতেই থানায় অবস্থান করেন। পরে থানা কর্তৃপক্ষ এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে।

থানা সূত্রে জানা গেছে, হামলাকারীদের শনাক্ত করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আজ (বুধবার) আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর