Monday 27 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন কলা অনুষদের ১৬ শিক্ষার্থী

রাবি করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৪:৫৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৫:৪৫

ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ১২ বিভাগের ১৬ শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—দর্শন বিভাগের আতিয়া সাকেরা সহীহ ও আলমগীর হোসেন, ইতিহাস বিভাগের লতিফা খাতুন ও মাহফুজা সুলতানা মুক্তা, ইংরেজি বিভাগের মো. আসাদুজ্জামান রাফি, বাংলা বিভাগের সাবরিনা মমতাজ রিপা ও পলি রানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোছা. ফাতেমা নাসরিন, আরবি বিভাগের মো. মাহমুদুল হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের উম্মে হাবিবা, সংগীত বিভাগের অনিন্দিতা আলমগীর, নাট্যকলা বিভাগের মেফতাহুন নাহার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের খায়রুন নাহার আলো, সংস্কৃত বিভাগের জাকিয়া সুলতানা ও মনিরা আক্তার এবং উর্দু বিভাগের মনিজা আক্তার।

বিজ্ঞাপন

অনুভূতি জানতে চাইলে সংগীত বিভাগের শিক্ষার্থী অনিন্দিতা আলমগীর বলেন, ‘আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমার কষ্ট ও পরিশ্রম সার্থক হয়েছে। এ যাত্রায় যারা সবসময় আমার পাশে ছিলেন, বিশেষ করে আমার বাবা-মা, বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের ধন্যবাদ জানাতে চাই। আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের; ডিন’স অ্যাওয়ার্ড পেয়ে আমার খুব ভালো লাগছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন বলেন, ‘একটা জায়গায় যেতে অনেক ধৈর্য ও পরিশ্রম দরকার। সবার আগে দরকার মোটিভেশন। এই মোটিভেশন মানুষকে অনেকদূর এগিয়ে নিয়ে যায়। তারা খুব সহজেই কঠিন কাজকে অনেক সহজে করতে পারে। আমার কাছে মনে হয়, ডিন’স অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো হলো তেমনই একটি মোটিভেশনাল প্রোগ্রাম।’

তিনি আরও বলেন, ‘ডিন’স অ্যাওয়ার্ড যারা পেয়েছেন, নিশ্চয়ই তারা অনেক মেধাবী ও পরিশ্রমী। তোমরা এই বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়ে যে সম্মান অর্জন করেছ, সেই ধারাবাহিকতা বজায় রাখবে এই প্রত্যাশা করছি।’

সমাপনী বক্তব্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘আজ যারা অ্যাওয়ার্ড পেয়েছে, তাদের জন্য দিনটি বিশেষ অর্জনের; আর যারা পায়নি তাদের জন্য এটি অনুপ্রেরণার। যে সকল শিক্ষার্থী এবার পুরস্কৃত হতে পারেনি, তারা যেন নিরাশ না হয়ে নিয়মিত চেষ্টা চালিয়ে যায়। কঠোর অধ্যবসায় থাকলে ভবিষ্যতে সফলতা আসবেই।’

তিনি আরও বলেন, ‘পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা যেন নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন এবং মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় উপস্থিত থাকতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।’

অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেনের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফজলুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর