Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তির আবেদন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৮:৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানদের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরের শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ সিদ্ধান্তের ফলে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো কারিগরি শিক্ষায় অধ্যয়নরত কর্মচারীদের সন্তানরা এই বৃত্তির আওতায় আসবে। তবে একজন কর্মচারী তার পুরো চাকরিজীবনে সর্বোচ্চ দুই সন্তানের শিক্ষার জন্য এই আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ বিবেচনা করা হবে এবং যোগ্যতায় সমান হলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্বামী-স্ত্রী উভয়েই বিশ্ববিদ্যালয়ের কর্মী হলে কেবল একজন এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

গতবছরের বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হবে। সেজন্য আবেদনের সঙ্গে আগের পরীক্ষার ফল, বর্তমান প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র ও ভর্তির রসিদ জমা দিতে হবে। এ ছাড়া শিক্ষার্থী ও অভিভাবকের এনআইডি বা জন্ম নিবন্ধনের সত্যায়িত কপিও প্রয়োজন হবে।

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের ২০২ নম্বর কক্ষ থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। বিভাগীয় প্রধানের সুপারিশসহ আবেদনপত্রটি জমা দেওয়ার শেষ সময় আগামী ২১ মে। নির্ধারিত এই সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর