Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নভেম্বর থেকে টিসিবি’র পণ্য তালিকায় যুক্ত হচ্ছে নতুন ৫ নিত্যপণ্য

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী নভেম্বর থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যুক্ত হচ্ছে নতুন ৫টি নিত্যপণ্য। এগুলো হচ্ছে- চা পাতা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ‘টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ’ বিষয়ক এক সভায় এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবি’র চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দেবে। একইসঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে- উল্লেখ করে তিনি বলেন, বাজারের চাহিদা ও সরবরাহে সমতা তৈরিতে টিসিবি‘র কার্যক্রম পরিচালনায় সরকার বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে।

সিটি কর্পোরেশনসহ সভায় উপস্থিত সকল প্রশসাসনের কর্মকর্তাদের উদ্দেশে বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছাক, এটা আমার প্রত্যাশা। কার্ড দেওয়ার ক্ষেত্রে তার পরিচয় হোক সে দরিদ্র ও অসহায় মানুষ—সরকারের সহযোগিতা তার প্রাপ্য। ১ কোটি উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করতে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আপনাদের উদ্যোগী হয়ে কাজ করতে হবে। দরিদ্র মানুষ যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকে, সেটা নিশ্চিত করতে হবে।তাইলেই বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, সঠিক উপকারভোগী নির্বাচনে শনাক্তকরণ মূল সমস্যা হিসেবে সামনে আসছে। এর পাশাপাশি সিটি করপোরেশনের কার্যক্রমে গতি কিছুটা কম। সমস্যা যেহেতু চিহ্নিত হয়েছে, আশা করি দ্রুতই কাজটি সম্পন্ন হবে।

সভায় জানানো হয়, বর্তমানে টিসিবি’র ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয় রয়েছে। সক্রিয় করার অপেক্ষয় রয়েছে আরও ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর