Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে ৮.৭ থেকে ১২ শতাংশ: শিক্ষা মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৫:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুনভাবে নির্ধারিত বাড়ি ভাড়া ও ভাতা বাড়ানোর ফলে দেশের প্রায় ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারী উপকৃত হবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে এবং ন্যূনতম মাসিক ২ হাজার টাকা হিসেবে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের এই সিদ্ধান্ত কার্যকর হলে অধিকাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে গড়ে ৮.৭ শতাংশের বেশি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে- ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে ৮.৭ শতাংশের বেশি, ৫৬ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে ১২ শতাংশের বেশি এবং ৭৫ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে ৯ শতাংশের বেশি।

বিজ্ঞাপন

এ সংক্রান্ত প্রজ্ঞাপন এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা হয়েছে। উপসচিব মরিয়ম মিতুর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ ভাতা প্রদানের ক্ষেত্রে ভবিষ্যৎ জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করা হবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগের শর্তাবলি অবশ্যই মেনে চলতে হবে। এ ছাড়া কোনো অবস্থাতেই বকেয়া দাবি তোলা যাবে না এবং আর্থিক বিধিবিধান লঙ্ঘন হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও দফতরগুলোতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/জিএস/এসআর