Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেগা প্রকল্পের আড়ালে ২৩৪ বিলিয়ন ডলার পাচার উন্মোচনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৭

বাংলাদেশের অর্থনীতিতে মেগা প্রকল্পের আড়ালে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলারের একটি ‘ব্ল্যাক হোল’ বা অদৃশ্য আর্থিক ফাঁক উন্মোচনের দাবি করা হয়েছে আন্তর্জাতিক গবেষণা ও মিডিয়া প্ল্যাটফর্ম সাউথ এরা নেটওয়ার্ক-এর এক নতুন ডকুমেন্টারিতে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে প্রকাশিত ডকুমেন্টারি সিরিজ ‘বিটুইন টু ফিউচার্স’-এর সপ্তম পর্বে এই দাবি তুলে ধরা হয়।

‘দ্য গ্রেট প্লান্ডার: হাউ মেগা প্রজেক্টস ব্যাংকরাপ্টেড বাংলাদেশ’ শিরোনামের এই পর্বে জুলাই অভ্যুত্থানের পরবর্তী ১৮ মাসের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ডকুমেন্টারিতে অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মেগা প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন ডলার বেরিয়ে গেছে। পর্বটিতে বলা হয়, এই অর্থ বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

ডকুমেন্টারির বর্ণনা অনুযায়ী, অর্থের গতিপথ অনুসন্ধান করতে গিয়ে গবেষকরা ঢাকার মতিঝিল এলাকার ব্যাংক ভল্ট থেকে শুরু করে টরন্টো, সিঙ্গাপুর ও লন্ডনের রিয়েল এস্টেট বাজার পর্যন্ত সংযোগের ইঙ্গিত পেয়েছেন। এতে প্রশ্ন তোলা হয়েছে, নিজেদের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত একটি দেশ কি আদৌ ঘুরে দাঁড়াতে পারে?

পর্বটিতে আরও দাবি করা হয়, আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন মেগা প্রকল্পের আড়ালে রাষ্ট্রীয় অর্থ লোপাট হয়েছে, যা দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দিয়েছে।

সাউথ এরা নেটওয়ার্ক বলছে, ‘বিটুইন টু ফিউচার্স’ সিরিজটি শুধু একটি ঐতিহাসিক ডকুমেন্টেশন নয়; বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক চেতনায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে একটি সময়োপযোগী বিশ্লেষণ।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর