Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না বিকাশ-নগদে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১২ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৮

ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পিটুপি লেনদেন সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিকাশ, রকেট, নগদসহ সব এমএফএস প্ল্যাটফর্মে এক লেনদেনে সর্বোচ্চ এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না। পাশাপাশি একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

নির্বাচনকালীন সময়ে অর্থের অপব্যবহার রোধে বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলা‌দেশ ব্যাংক থে‌কে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা ৯৬ ঘণ্টা এমএফএস ব্যক্তিক হিসাবের মাধ্যমে পি-টু-পি লেনদেন সীমিত থাকবে।

বিজ্ঞাপন

তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী লেনদেন স্বাভাবিক থাকবে। এছাড়া ওই সময়ে পি-টু-পি ব্যতীত অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

একইসঙ্গে নির্বাচনকালীন সময়ে এমএফএস সংক্রান্ত অভিযোগ নেওয়া ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে সকল ধরনের এমএফএস লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে। কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তা দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

এছাড়া নির্বাচন উপলক্ষ্যে এনপিএসবি’র আওতাধীন আইবিএফটি’র মাধ্যমে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে।

নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী এমএফএস প্রোভাইডার ও ব্যাংকসমূহকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এসএ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর