টাঙ্গাইল: বাংলাদেশ সরকার সম্ভাবনাময় আইসিটি খাতে ১০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার প্রথম দিন থেকেই জনগণের দোরগোড়ায় উন্নয়ন ও সেবা পৌঁছে দিতে কাজ করছে বলেও জানান তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার সাথী মোড় এলাকায় ৭০০ মিটার সড়ক নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খালকাটা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি হাইটেক পার্কগুলোতে বিদেশি বিনিয়োগ আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
নিজ নির্বাচনি এলাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘মধুপুর-ধনবাড়ী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলবাজি থাকবে না। এলাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।’
উদ্বোধন অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নইম উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, কৃষি কর্মকর্তা রকিব আল রানাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন।