প্রযুক্তির কল্যাণে ইবাদত ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ এখন আরও সহজ ও সাবলীল। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ডিজিটাল দান বক্স ও হজ-ওমরাহ সেভিংস সেবার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিরাপদ ও সরাসরি পবিত্র কাজে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
হজ ও ওমরাহ সেভিংস
হজ ও ওমরাহ পালনে আগ্রহীদের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার জন্য ব্যাংকটি চালু করেছে মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট ও মুদারাবা ওমরাহ সেভিংস স্কিম। এ দুটি স্কিম গ্রাহকদের ধাপে ধাপে অর্থ সঞ্চয়ে সহায়তা করে এবং আর্থিক ও মানসিক প্রস্তুতির মাধ্যমে হজ ও ওমরাহ পালন সহজতর করে।
এই সঞ্চয় হিসাবের মাধ্যমে ভিসা, বিমান ভাড়া, থাকা-খাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বিঘ্নে মেটানো সম্ভব। হজ পালনে ইচ্ছুক ব্যক্তি তার সামর্থ্য ও পরিকল্পনা অনুযায়ী এক থেকে ২৫ বছর মেয়াদে মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। মুদারাবা পদ্ধতিতে এ অ্যাকাউন্টে মুনাফা দেওয়া হয়। গ্রাহক তার পরিকল্পনা অনুযায়ী কিস্তির পরিমাণ নির্ধারণ করতে পারেন।
নির্ধারিত মেয়াদের আগেই হজ পালনের ইচ্ছা হলে জমা করা অর্থের সঙ্গে বাকি অর্থ যুক্ত করে হজ সম্পাদন করা যায়। একইভাবে ওমরাহ পালনে আগ্রহীরা এক থেকে ১২ বছর মেয়াদে মাসিক কিস্তিতে অর্থ সঞ্চয় করতে পারেন। ১৮ বছর বা তদূর্ধ্ব ব্যক্তি নিজ নামে এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতামাতা বা আইনগত অভিভাবক হিসাব খুলতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র ও ছবি দিয়ে ব্যাংকের যেকোনো শাখা, উপ-শাখা, এজেন্ট আউটলেট কিংবা সেলফিন অ্যাপের মাধ্যমে ঘরে বসেই হিসাব খোলা সম্ভব।
ডিজিটাল দান বক্স
ইসলামী ব্যাংকের ডিজিটাল দান বক্স আধুনিক প্রযুক্তির মাধ্যমে দান প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করেছে। নগদ অর্থ ছাড়াই সেলফিনসহ যেকোনো ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে মুহূর্তেই সাদাকাহ বা অনুদান দেওয়া হয়।
এই পদ্ধতিতে দানকারীর গোপনীয়তা বজায় থাকে এবং প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়। স্থানীয় মসজিদ, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও দাতব্য প্রতিষ্ঠানে দ্রুত অর্থ পৌঁছে দিতে এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সেলফিন, আই-ব্যাংকিং বা শাখা/এজেন্টে বিশেষ নির্দেশনা দিয়ে মাসিক কিস্তি ও অনুদান স্বয়ংক্রিয়ভাবে জমা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
প্রযুক্তির উৎকর্ষ ও আমানতদারিতার সমন্বয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা পালনে একটি বিশ্বস্ত ঠিকানা হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।