Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ ও ১৯ মার্চ ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৬:১৭ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:২৪

ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটির মধ্যেও নির্দিষ্ট শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ১৮ ও ১৯ মার্চ ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শবে কদর ও ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) সরকার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় ওই দিন ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের সুবিধার্থে কিছু এলাকায় সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হবে।

বিজ্ঞাপন

এর আওতায় ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী দিয়ে খোলা থাকবে।

এই দুই দিনে ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

এদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো পূর্বের নির্দেশনা অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম চালু রাখতে পারবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর