Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২০:৪৯

ঠাকুরগাঁওয়ে রাস্তার পরিস্থিতি।

ঠাকুরগাঁও: সদর উপজেলার পল্লিবিদ্যুৎ এলাকা থেকে আখানগর সড়কে এলজিইডির রাস্তা প্রশস্তকরণ ও পুনঃসংস্কারের কাজে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে খুড়ে রাখা গর্ত, ছড়িয়ে-ছিটিয়ে থাকা ‘রাবিশ’, পুরনো ইটের খোয়া এবং কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা ব্যারিকেড না থাকা পরিস্থিতি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। স্থানীয়রা জানিয়েছেন, যেখানে বালু ব্যবহারের কথা সেখানে ‘রাবিশ’ ব্যবহার করা হচ্ছে, ফলে স্থায়িত্বহীন সড়ক দ্রুত নষ্ট হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে ৮ মার্চ বিকেলে সড়কের ওই অংশে একটি দুর্ঘটনায় একজন রাস্তার শ্রমিক ও শিশুসহ চার পথচারী আহত হন। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি না থাকায় এই অনিয়ম হচ্ছে। কাজের টেন্ডার পেয়েছে রাজশাহীর বরেন্দ্র কন্সট্রাকশন লিমিটেড। তবে প্রকল্প বাস্তবায়ন করছেন স্থানীয় এক বিএনপি নেতা সোহেল।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস বলেন, ‘কাজের মান নিয়ে আমরা শতভাগ সচেতন। মান খারাপ করে কারো বিল নেওয়ার সুযোগ নেই। প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে।’

স্থানীয়রা আশা করছেন, এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত মানসম্পন্ন কাজ নিশ্চিত করবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর