কক্সবাজার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মঞ্জু বিন আফনান।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পরপরই জেলা প্রশাসন উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে সৈকতের সব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।’
জেলা প্রশাসন সূত্র জানায়, সৈকতের বিভিন্ন পয়েন্টে বালুচরের ওপর ঝিনুক, শামুক, ফুচকা, ঝালমুড়ি ও চটপটির দোকানসহ নানা ধরনের ভাসমান অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। এসব দোকানপাট ও যেখানে-সেখানে ফেলা ময়লা-আবর্জনার কারণে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছিল।
এর আগে গত সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সৈকতের অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক বলেন, ‘পর্যটন নগরীর প্রধান আকর্ষণ কক্সবাজার সমুদ্রসৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হবে। অবৈধ স্থাপনা আবার যাতে গড়ে উঠতে না পারে, সে বিষয়েও নজরদারি জোরদার করা হবে।’