Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেয়ারকাট বাতিল ও ৫ ইসলামী ব্যাংকের লেনদেন স্বাভাবিকের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৬:৫৭

জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন।

ঢাকা: হেয়ারকাট সিদ্ধান্ত বাতিল এবং নবগঠিত সম্মিলিত পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে আন্দোলন করেছেন ব্যাংকগুলোর আমানতকারীরা।

রোববার (১৫ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় আমানতকারীরা হেয়ারকাট সিদ্ধান্ত প্রত্যাহারসহ ২০২৪ ও ২০২৫ সালের চুক্তি অনুযায়ী মুনাফাসহ শতভাগ আমানত ফেরত দেওয়ার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা বলেন, শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক একত্রিত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে তাদের কষ্টার্জিত আমানত দীর্ঘদিন ধরে আটকে আছে। ফলে তারা প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারছেন না এবং পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন।

বিজ্ঞাপন

তাদের অভিযোগ, হেয়ারকাট নামে নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে আমানতের একটি অংশ কেটে নেওয়া হচ্ছে, যা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

আমানতকারীদের দাবি, ২০২৪ ও ২০২৫ সালের মুনাফাসহ তাদের শতভাগ আমানত দ্রুত ফেরত দিতে হবে।

একই সঙ্গে অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সম্মিলিত ইসলামী ব্যাংকের সব ধরনের লেনদেন স্বাভাবিক করার দাবি জানান তারা। বিশেষ করে পে-অর্ডার, এফডি, ডিপিএস ও এমটিডিআরসহ বিভিন্ন আমানত স্কিমের মেয়াদ শেষে চুক্তি অনুযায়ী মুনাফাসহ অর্থ ফেরত দেওয়ার দাবি তোলেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অনেক আমানতকারী তাদের জীবনের সঞ্চয়—পেনশনের টাকা, প্রবাসী আয়, ব্যবসার মূলধন বা সন্তানের শিক্ষা ও চিকিৎসার জন্য জমা রাখা অর্থ—এই ব্যাংকগুলোতে রেখেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে টাকা উত্তোলন করতে না পারায় তারা চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে রয়েছেন।

এ অবস্থায় দ্রুত সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। তারা জানান, আগামী ৫ এপ্রিলের মধ্যে যদি সম্মিলিত ইসলামী ব্যাংকের লেনদেন স্বাভাবিক না করা হয়, তাহলে ৭ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সামনে আরও বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আমানতকারীদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার হবে এবং দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরে আসবে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর