Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি ব্যাংক গ্যারান্টির বিপরীতে দেশীয় উৎস থেকে ঋণ নেওয়ার সুযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৮:০৯ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৮:৫২

ঢাকা: বিদেশি ব্যাংক গ্যারান্টি বা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিটের বিপরীতে দেশীয় উৎস থেকে ঋণ দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দেশে কার্যরত প্রতিষ্ঠানগুলো বিদেশি গ্যারান্টির ভিত্তিতে সহজে টাকা অর্থায়ন পেতে পারবে।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ থেকে জারি করা এফইপিডি-২ (FEPD-2) সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অর্থায়ন কার্যক্রম সহজ করা এবং অভ্যন্তরীণ ঋণের প্রবেশাধিকার বাড়ানোর লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন বিদেশি ব্যাংক গ্যারান্টি বা এসবিএলসি’র বিপরীতে আবাসিক প্রতিষ্ঠানকে টাকা ঋণ দিতে পারবে। এ ক্ষেত্রে মালিকানা বা নিয়ন্ত্রণের ধরণ বিবেচ্য হবে না।

বিজ্ঞাপন

তবে এ ধরনের অর্থায়ন প্রচলিত ঋণ নীতিমালা ও ঝুঁকি ব্যবস্থাপনার শর্ত মেনে করতে হবে। বিদেশি গ্যারান্টি বা এসবিএলসি অবশ্যই নিঃশর্ত, অপরিবর্তনীয় এবং প্রথম দাবিতে পরিশোধযোগ্য হতে হবে। এ ছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রেডিট রেটিং এজেন্সির কাছ থেকে সন্তোষজনক রেটিংপ্রাপ্ত অনাবাসী ব্যাংক বা প্রতিষ্ঠানের মাধ্যমে এসব গ্যারান্টি ইস্যু করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, বিদেশি গ্যারান্টি বা এসবিএলসি’র ক্ষেত্রে ঋণগ্রহীতা কোনো ধরনের ফি, কমিশন বা অর্থনৈতিক সুবিধা গ্রহণ করতে পারবে না। পাশাপাশি ঋণদাতা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে গ্যারান্টির আইনগত বৈধতা, বিরোধ নিষ্পত্তি পদ্ধতি ও প্রযোজ্য আইন যাচাই করতে হবে।

যদি ঋণগ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হয় এবং সে কারণে বিদেশি গ্যারান্টি বা এসবিএলসি কার্যকর বা আহ্বান করা হয়, তাহলে বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে বলেও জানানো হয়েছে।

‘এ ছাড়া ঋণ প্রদানের আগে ঋণগ্রহীতার আর্থিক অবস্থা, নগদ প্রবাহ, লাভজনকতা ও পরিশোধ সক্ষমতা যাচাই করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট টাকা ঋণের বিপরীতে নবায়নকৃত এসবিএলসি বা ব্যাংক গ্যারান্টি লিয়েনের অধীনেও রাখা যেতে পারে।’

সার্কুলারে আরও বলা হয়েছে, এ ধরনের অর্থায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব নথি, আইনি মতামত, গ্যারান্টি ডকুমেন্ট ও তহবিল ব্যবহারের তথ্য সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজন হলে তা বাংলাদেশ ব্যাংকের তদারকি বা পরিদর্শনের জন্য উপস্থাপন করতে হবে।

এ বিষয়ে অন্যান্য সব প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর