ঢাকা: টানা তিন দিনের ছুটি শেষে পতনে দেশের পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছে। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবস (২৪ মার্চ) দেশের দুই পুঁজিবাজারেরই পতনে যাত্রা শুরু হয়েছিল। তবে পরের দিন (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ঘুরে দাঁড়ায়। এরপর রোববারে প্রথম কার্যদিবস (২৯ মার্চ) আবার পতনের কবলে পড়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের দাম বাড়লেও ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ৬৩ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দর কমেছে। আর অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা তিন দিন পতন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৭২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩১ পয়েন্ট।
আজ ডিএসইতে ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬০৩ কোটি ৮১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪২ কোটি ৬১ লাখ টাকার বা ৭ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৪ টি বা ২৮.৯৩ শতাংশের। আর দর কমেছে ২৫০ টি বা ৬৩.৪৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩০ টি বা ৭.৬১ শতাংশের।
অপরদিকে সিএসইতে রোববার ৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ৯৮টির এবং পরিবর্তন হয়নি ১৯টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৮০২ পয়েন্টে।
আগের দিন সিএসইতে ২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমেছিল।