ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় দুই-তৃতীয়াংশ সিকিউরিটিজের দাম বেড়েছে।
এ সময়ে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও বেড়েছে। তবে রোববার (১২ এপ্রিল) তুলনায় আজ প্রথম ৩০ মিনিটে লেনদেনের পরিমান কিছুটা কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে তার চেয়ে প্রায় সাড়ে ৩ গুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। এই সময়ে এক্সচেঞ্জটিতে যতগুলো সিকিউরিটিজ লেনদেনে অংশ নিয়েছ তার মধ্যে দুই-তৃতীয়াংশ দাম বাড়ার তালিকায় যুক্ত হয়েছে।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ৩০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। রোববার একই সময়ে ১৭২ কোটি ২ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছিল। আর পূর্ণ কার্যদিবসে লেনদেন হয় ৮৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার।