ঢাকা: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে আগুন লেগেছে। সরবরাহে ঘাটতি ও অতিরিক্ত পরিবহন ব্যয়ের অজুহাতে প্রায় প্রতিটি পণ্যের দামই বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। কাঁচাবাজারের সবচেয়ে দামি সবজির তালিকায় শীর্ষে রয়েছে- শিম ও বেগুন, যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা ও ১৬০ টাকায়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় সব সবজিই কেজিপ্রতি ৮০ টাকার ঘরে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে সবজির চড়া দামের এই চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, শসা প্রতি কেজি ৮০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, ফুল কপি (ছোট) প্রতি পিস ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, কঁচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, করলা ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৭০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, শিম প্রতি কেজি ২০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, জালি প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর মিরপুরের বাজারে এসে ক্রেতা সেলিমুজ্জামান বলেন, সবজির দাম অনেক বাড়তি দেখা যাচ্ছে। বেশিরভাগ সবজি বাজারে প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু পেঁপের দাম সবচেয়ে কম, এটা প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বাজারে আজ সবজির দাম বাড়তি যাচ্ছে।
সবজির আকাশ ছোঁয়া দামের বিষয়ে বিক্রেতারা জানান, কয়েকটি সবজির দাম কিছুটা বাড়তি তবে বাকি সব সবজি ৮০ টাকার ঘরে রয়েছে। মূলত কয়েকদিন বৃষ্টি হচ্ছে সে কারণে ফসলের ক্ষেতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কারণে বাজারে সরবরাহ কিছুটা কম। সবজির দাম বাড়ার আরো একটি কারণ রয়েছে, সম্প্রতি সময়ে জ্বালানির তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সবজি পরিবহন খরচ বেড়েছে। যার প্রভাব পড়েছে বাজারে।
এদিকে, মাছের বাজারেও বাড়তি দামের প্রভাব দেখা গেছে। দাম বেড়ে দুই কেজি ওজনের রুই মাছ ৩৮০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪৫০, মাঝারি কাতল ৪০০ এবং বড় কাতল ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় তেলাপিয়া ২৮০ টাকা, ছোট তেলাপিয়া ২৪০ এবং পাঙ্গাশ ২০০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চাষের চিংড়ি আকারভেদে ৭০০ থেকে এক হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, মুরগির বাজারে ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা, সোনালি মুরগি জাতভেদে ৩১০ থেকে ৩৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, পরিবহন ব্যয় বাড়লেও এর সুযোগ নিয়ে যাতে অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বাড়ানো না হয় সে বিষয়ে সরকারের বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। সেইসঙ্গে কোনো ধরনের কৃত্রিম সংকট যেন তৈরি না হয় সেদিকেও নজর দেওয়ার আহবান।