ঢাকা: ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য মূসকসহ ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে থাকে। তবে নির্ধারিত দামে বাজারে এলপিজি বিক্রি হচ্ছে না- বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন ভোক্তারা।
২০২১ সালের এপ্রিল থেকে ভোক্তাপর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।