ঢাকা: চেকের মাধ্যমে লেনদেন করা অর্থের পরিমাণ পাঁচ লাখ টাকা বা তার কম হলে সংশ্লিষ্ট মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে। আর পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার করতে পারবেন যুগ্ম জেলা জজ আদালত। এ বিষয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন বিষয়টি নিশ্চিত করেন। বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন জানান, গত ১০ এপ্রিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ সংশোধন করে চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ার নির্ধারণ করা হয়। সংশোধিত বিধান অনুযায়ী, পাঁচ লাখ টাকা পর্যন্ত অঙ্কের মামলার বিচার করবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের মামলার বিচার হবে যুগ্ম জেলা জজ আদালতে। তবে সংশোধনীর পরও আদালতে এ বিধান কার্যকর হচ্ছিল না।
তিনি বলেন, জয়পুরহাটের একটি মামলায় ১ লাখ ৮৬ হাজার টাকার চেক ডিজঅনারের অভিযোগে বিচার কার্যক্রম যুগ্ম জেলা জজ আদালতে চলছিল। গত ২৮ অক্টোবর বিষয়টি নিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদন করেন তিনি। আইনটির সংশোধিত বিধানের সঙ্গে বিচারিক এখতিয়ারের অসামঞ্জস্য তুলে ধরে ফৌজদারি কার্যবিধির ৫৬১(এ) ধারায় আবেদনটি করা হয়।
আইনজীবী জানান, মামলাটির রায়ের তারিখ ছিল ২৯ অক্টোবর। ওই দিন হাইকোর্ট সংক্ষিপ্ত আদেশ দেন। পরে শুনানি শেষে আদালত রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।
রায়ে আদালত স্পষ্ট করেছেন, সংশোধিত আইনের বিধান অনুযায়ী পাঁচ লাখ টাকা বা তার কম অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার করার এখতিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের। ফলে বর্তমানে যুগ্ম জেলা জজ আদালতে এ ধরনের যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর বিচার করার এখতিয়ার ওই আদালতের নেই।