জীবাশ্ম জ্বালানিনির্ভরতা থেকে ন্যায়সংগত উত্তরণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং এ খাতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সংসদ সদস্য ওদদ নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত ‘Charting the Energy Shift: A Forum with Parliamentarians and CSOs on the Peoples’ Energy Transition Roadmap and Financing Accelerated Renewable Energy’ শীর্ষক আন্তর্জাতিক সংলাপে এ আহ্বান জানানো হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত (আনতালিয়া, তুরস্ক সময়) অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন দেশের সংসদ সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, জলবায়ু আন্দোলনের নেতা এবং জ্বালানি বিশেষজ্ঞরা অংশ নেন। পার্ল ফসিল ফ্রি নেটওয়ার্ক (Parl Fossil Free Network) ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সংলাপের মূল লক্ষ্য ছিল জ্বালানি রূপান্তরের জন্য জনগণের রোডম্যাপ বাস্তবায়ন এবং দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের রাজনৈতিক ও আর্থিক কাঠামো নিয়ে আলোচনা।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন কানাডার সংসদ সদস্য ও Parl Fossil Free Network-এর স্টিয়ারিং কমিটির সদস্য রোসা গালভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম এমপি।নেটওয়ার্কের কার্যক্রম তুলে ধরেন এশিয়া অঞ্চলের স্টিয়ারিং কমিটির সদস্য ও ফিলিপাইনের সংসদ সদস্য ক্রিসেল লাগম্যান। জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত উত্তরণের জন্য ‘The Peoples’ Roadmap to Just Transition Away from Fossil Fuels’ উপস্থাপন করেন Asian Peoples’ Movement on Debt and Development (APMDD)-এর সমন্বয়ক লিডি ন্যাপসিল। এ ছাড়া উগান্ডার সাবেক সংসদ সদস্য ও নেটওয়ার্কের আফ্রিকা অঞ্চলের স্টিয়ারিং কমিটির সদস্য লরেন্স সোঙ্গা সান্তা মার্তার প্রথম সম্মেলনের পার্লামেন্টারি চ্যাপ্টারের অর্জন এবং ২০২৭ সালে টুভালুতে অনুষ্ঠেয় পরবর্তী সম্মেলনের প্রস্তুতি তুলে ধরেন।
সংলাপে দুটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম প্যানেলে ‘Climate Finance for the Energy Transition’ শীর্ষক আলোচনায় জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তরের আর্থিক চ্যালেঞ্জ এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের প্রয়োজনীয়তা উঠে আসে। আলোচনায় অংশ নেন বাংলাদেশের Center for Participatory Research and Development (CPRD)-এর নির্বাহী পরিচালক এমডি শামসুদ্দোহা এবং CAN International-এর রেবেকা থিসেন। প্যানেলটি সঞ্চালনা করেন নেপালের সংসদ সদস্য ও Parl Fossil Free Network-এর সদস্য অর্জুন কারকি।
দ্বিতীয় প্যানেলে ‘Bridging Parliamentary Mandates and Civil Society Demands for Accelerated Renewable Energy’ শীর্ষক আলোচনায় সংসদীয় অঙ্গীকার ও নাগরিক সমাজের দাবির মধ্যে সমন্বয় এবং নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন পাকিস্তানের সংসদ সদস্য নাফিসা শাহ, বাংলাদেশের ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ‘Renewables Now’ ক্যাম্পেইনের প্রতিনিধি শরীফ জামিল এবং Africa Just Transition Network-এর সমন্বয়ক মারিনা আগোরটিমেভর। কলম্বিয়ার সিনেটর অ্যারিয়েল আভিলারও প্যানেলটিতে অংশগ্রহণ করেন। প্যানেলটি সঞ্চালনা করেন বলিভিয়ার সংসদ সদস্য সিসিলিয়া রেকুয়েনা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বাংলাদেশ, শেখ ফরিদুল ইসলাম, এমপি বলেন, জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া পরিকল্পনা ও সিদ্ধান্তের বোঝা এখনো আমাদের বহন করতে হচ্ছে। সুন্দরবন রক্ষায় আমরা রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন নতুন সরকারের অর্জনগুলো মূল্যায়ন করতে হবে। স্বল্প সময়ের মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করার পথে বাংলাদেশের অগ্রযাত্রায় অন্যান্য দেশের সংসদ সদস্যরা সহযোগিতা করতে পারেন।
<span;>পার্লামেন্টারিয়ানস ফর আ ফসিল-ফ্রি ফিউচারের গ্লোবাল কো-অর্ডিনেটর লিডি ন্যাকপিল বলেন, কপ৩১-এ আমাদের প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার জন্য সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়নে এগিয়ে যেতে হবে। এসব রোডম্যাপ জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক—সব পর্যায়ে তৈরি করতে হবে, যেখানে সুস্পষ্ট সময়সীমা, বাস্তবসম্মত পদক্ষেপ এবং ন্যায্য ও সমতাভিত্তিক জ্বালানি রূপান্তর নিশ্চিত করার জন্য পর্যাপ্ত অর্থায়নের ব্যবস্থা থাকবে। এই রোডম্যাপ বাস্তবায়নে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে গৃহীত অঙ্গীকারকে জাতীয় পর্যায়ের আইনে রূপান্তর, সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং এই রূপান্তর প্রক্রিয়ায় কোনো জনগোষ্ঠী যাতে পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে তাদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। জলবায়ু সংকটের ভয়াবহতা স্বীকার করেও এর মূল কারণ মোকাবিলার সুস্পষ্ট পথনির্দেশনা ছাড়া আমরা আরেকটি কপ সম্মেলন পার করতে পারি না।
বলিভিয়ার পার্ল ফসিল ফ্রি নেটওয়ার্কের সদস্য, সিসিলিয়া রেকুয়েনা বলেন, বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও তেল সংকট দেশগুলোর জন্য জ্বালানি সার্বভৌমত্ব নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। জ্বালানি ক্ষেত্রে এই স্বাধীনতা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণই হতে পারে সঠিক পথ।
ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়ক এবং ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ (Renewables Now) প্রচারাভিযানের প্রতিনিধি, শরীফ জামিল বলেন, “বাংলাদেশের বর্তমান জ্বালানি খাতের কাঠামো এখনো আওয়ামী লীগ নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলে নেওয়া পরিকল্পনা ও কর্মসূচির ওপর দাঁড়িয়ে আছে, যার মূল ভিত্তি আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি—কয়লা ও এলএনজি। বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কিছু প্রশংসনীয় উদ্যোগ নিলেও এখনো কোনো সমন্বিত রোডম্যাপ তৈরি করতে পারেনি। এ খাতে প্রয়োজনীয় অর্থায়নেরও ঘাটতি রয়েছে। একই সময়ে আগের জীবাশ্ম জ্বালানিনির্ভর পরিকল্পনাগুলোও এগিয়ে নেওয়া হচ্ছে। উপকূলীয় অঞ্চলে কয়লাদূষণ ও কৃষিজমিতে শিল্পায়নের কারণে জেলে ও কৃষকেরা ইতোমধ্যে তাঁদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন। তাই নবায়নযোগ্য জ্বালানির প্রসার ত্বরান্বিত করা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বৃহত্তর সহযোগিতার সুযোগ তৈরি করতে নবনির্বাচিত সংসদ সদস্যদের এই বৈশ্বিক সংসদীয় নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত ও উৎসাহিত করা প্রয়োজন।
পার্ল ফসিল ফ্রি নেটওয়ার্কের পাকিস্তানের সদস্য, ড. নাফিসা শাহ দেশটিতে সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণের চিত্র তুলে ধরেন। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে এর সম্ভাবনা ও সুযোগের পাশাপাশি এই দ্রুত সম্প্রসারণের সঙ্গে সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা করেন।
কলম্বিয়ার সিনেটর অ্যারিয়েল আভিলা এল নিনো (El Niño) প্রভাবে বায়ুমণ্ডলে সৃষ্ট পরিবর্তন এবং জলবায়ুর ধরন ও পরিবেশগত ভারসাম্যের ওপর এর ব্যাপক প্রভাব তুলে ধরেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সৃষ্ট ক্রমবর্ধমান চ্যালেঞ্জের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
এ আয়োজনে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসব সংগঠনের মধ্যে ছিল এশিয়ান এনার্জি নেটওয়ার্ক (Asian Energy Network), এশীয় জনগণের ঋণ ও উন্নয়ন আন্দোলন (Asian Peoples’ Movement on Debt and Development – APMDD), ওয়াটারকিপার্স বাংলাদেশ (Waterkeepers Bangladesh), সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (CPRD), কোস্ট ফাউন্ডেশন (COAST Foundation), ব্রাইটার্স (BRIGHTERS), বাংলাদেশ কৃষক ফেডারেশন (Bangladesh Krishok Federation), এলডিসি ওয়াচ (LDC Watch), রুরাল রিকনস্ট্রাকশন নেপাল (Rural Reconstruction Nepal), দারিদ্র্য বিমোচনে দক্ষিণ এশীয় জোট (South Asia Alliance for Poverty Eradication – SAAPE), ফিলিপাইন মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (Philippine Movement for Climate Justice), ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ড (Climate Watch Thailand), আফ্রিকা জাস্ট ট্রানজিশন নেটওয়ার্ক (Africa Just Transition Network), পাওয়ার শিফট আফ্রিকা (Power Shift Africa) এবং ফ্রেন্ডস অব দ্য আর্থ—এশিয়া/প্যাসিফিক (Friends of the Earth Asia/Pacific) উল্লেখযোগ্য।
সংলাপের মধ্য দিয়ে জ্বালানি রূপান্তরকে কেবল জ্বালানি খাতের পরিবর্তন হিসেবে নয়, বরং জলবায়ু ন্যায়বিচার, জনগণের অধিকার, অর্থনৈতিক ন্যায্যতা এবং আন্তর্জাতিক সহযোগিতার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়।