ঢাকা: ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া দিয়েছে মন্ত্রিসভা।
রোববার (১৫ নভেম্বর, ২০২৬) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এর পরিবর্তে এখন থেকে প্রতি তিন কর মোদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান প্রণয়ন করা হয়েছে।
তবে এ ধরনের পরিবর্তনের কারণে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা-৬৪ সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। সে সময় জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায়, মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছিলেন।
পরবর্তীতে জারি করা ওই অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইন হিসেবে রূপান্তরের উদ্দেশ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর এই খসড়াটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন লাভ করল।