Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৮তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ চিকিৎসকের যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫১

ঢাকা: ৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক আজ রোববার (১ ফেব্রুয়ারি) যোগদান করেছেন। তাদের মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন।

এদিন রাজধানীর শাহবাগে শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, স্বল্প সময়ে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগ যুগান্তকারী ঘটনা। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আমলে পদসৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিতে যোগদান সম্পন্ন হলো। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নবনিযুক্ত চিকিৎসকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নবনিযুক্ত চিকিৎসকদের মেধা ও মানবিকতার ভিত্তিতে পদায়ন করা হবে। পদায়নের ক্ষেত্রে মানবিকতার বিষয়টাও খেয়াল রাখছি। দম্পতি যারা বা যাদের স্বামী-স্ত্রী চাকরি করেন তারা একই জায়গায় পদায়নে অগ্রাধিকার পাবেন, দুরারোধ্য কোনো ব্যাধি থাকলে তার পছন্দ আমরা বিশেষ বিবেচনা করব। আজকের এই পদায়ন মেধাভিত্তিক হবে, এই মেধার সঙ্গে মানবিক উপাদানও যুক্ত থাকবে।

নতুন চিকিৎসকদের নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা আশা করব- তরুণ এই ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত হওয়ার পর, যেহেতু তাদের নির্বাচন প্রক্রিয়া ন্যায্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে হয়েছিল, এরা যখন ন্যায্যতার ভিত্তিতে পদায়িত হবে, তাদের সংযুক্তির ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক বিষয় দেখা যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের যোগদান কার্যক্রম পরিদর্শন করেন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৯

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর