ঢাকা: বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা জোরদার করার লক্ষ্যে আমরা নারী ও আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর যৌথ উদ্যোগে ক্যানসার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে আইপিডিসি ফাইন্যান্সের কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি ক্যানসার ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) ও সহকারী অধ্যাপক ডা. মো. খাদেমুল বাশার বলেন, ক্যানসার এখন আর শুধু চিকিৎসার বিষয় নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপন ক্যানসার প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই ক্যানসার সম্পূর্ণ নিরাময়যোগ্য।
ইউনিকো হাসপাতালের সহযোগী কনসালট্যান্ট ডা. তানজিনা আফরিন বলেন, রক্তরোগ ও ক্যান্সার সম্পর্কিত অনেক জটিলতা দ্রুত শনাক্ত করা গেলে রোগীর জীবন বাঁচানো সম্ভব। তাই লক্ষণকে অবহেলা না করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সচেতনতা এবং নিয়মিত স্ক্রিনিং-ই হতে পারে আমাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা।
এসময় ‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন, ‘আমরা নারী’ একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য নারীর ক্ষমতায়ন, সামাজিক কল্যাণ এবং মানবিক উন্নয়ন। আমাদের সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ নারী-পুরুষ উভয়ের স্বাস্থ্য, শিক্ষা, অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ে কাজ করে যাচ্ছে। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবাধিকার- এই পাঁচটি মূল স্তম্ভের উপর ভিত্তি করে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছি। ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও পেশাজীবীদের সম্পৃক্ত করে আমরা একটি সচেতন ও মানবিক সমাজ গঠনের আন্দোলন গড়ে তুলেছি, যার ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
আয়োজকরা জানান, স্বাস্থ্য শিক্ষা, গণমাধ্যম ও জনসম্পৃক্ততার মাধ্যমে ক্যান্সারের মতো মরণব্যাধি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।