ঢাকা: কর্মস্থলে বায়োমেট্রিক হাজিরা দিয়ে সরকারি দায়িত্ব পালন না করে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগে শরীয়তপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক রাজেশ মজুমদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডা. রাজেশ মজুমদার (১১৪৪৯২) শরীয়তপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট (শিশু) হিসেবে কর্মরত আছেন। যেহেতু তিনি কর্মস্থলে বায়োমেট্রিক হাজিরা দিয়ে সরকারি দায়িত্ব পালন না করে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগটি গত ৪ মার্চ সকাল সাড়ে ১০টায় বেসরকারি টেলিভিশনে লাইভ প্রচারিত হয়। তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। ইতোমধ্যে উপর্যুক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে, যা বর্তমানে চলমান রয়েছে;
আরও বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী, ‘কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাব বা বিভাগীয় কার্যধারা রুজু করা হইলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা ও প্রকৃতি, অভিযুক্ত কর্মচারীকে তাহার দায়িত্ব হইতে বিরত রাখিবার আবশ্যকতা, তৎকর্তৃক তদন্তকার্যে প্রভাব বিস্তারের আশঙ্কা, ইত্যাদি বিবেচনা করিয়া তাকে সাময়িক বরখাস্ত করিতে পারবে।
আরও বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. রাজেশ মজুমদারকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনের তারিখ হতে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।