Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যমন্ত্রী ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ চালু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ২০:৩৮

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঘোষিত ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকার মহাখালীস্থ সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আজকের মধ্যে আইসিইউ পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, গত কিছুদিন ধরে হঠাৎ করে মিজলস্ বা হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী চলে আসে। বেড সংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় ফ্লোরে এমনকি বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে গতকাল খুব অসুস্থ একটি শিশু মৃত্যুবরণ করায় খবর পেয়ে মধ্যরাতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তার সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসময় সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সুযোগ সুবিধার অপর্যাপ্ততা বা অপ্রতুলতা রয়েছে তবে চেষ্টার ত্রুটি নেই। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ইআরপিপি প্রকল্পের অর্থায়নে গ্লোবাল ফান্ড এর সহায়তায় স্থাপিত আইসিইউ বন্ধ রয়েছে। আমরা একদিনের মধ্যে চিকিৎসক, এনেস্থিটিস্ট ও অন্যান্য জনবল পদায়ন বা সংযুক্ত করে আইসিইউ চালু করব।

স্বাস্থ্যমন্ত্রীর সেই ঘোষণার প্রেক্ষিতে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ জন চিকিৎসক, ১ জন জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ও ১ জন এনেস্থিটিস্টকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে সংযুক্ত করা হয়। আইসিইউ এর বেড, মেশিনারিজ ইত্যাদি সেট করা হয়েছে। এখন রোগীদের জরুরি সেবা দেওয়ার জন্য ৫ বেডের আইসিইউ ইউনিটটি প্রস্তুত করা হয়েছে। একইসঙ্গে যেহেতু সংক্রামক ব্যাধি হাসপাতাল মাত্র ১০০ শয্যার এবং সেখানে হামসহ জলাতঙ্ক, এইডস, টিটেনাস ইত্যাদি রোগীও ভর্তি থাকে সে বিবেচনায় পার্শ্ববর্তী ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের চিকিৎসার জন্য একটি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর