ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, গত ৮ বছরে সরকার হামের টিকা দেয়নি। সম্প্রতি হামের প্রবণতা বেড়েছে। হামের টিকা কেনার জন্য নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এশিয়া ফার্মা এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৫ দিনে হামের প্রবণতা বেড়েছে। তবে এখনো আমাদের সক্ষমতা রয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি ডিএনসিসি হাসপাতালে হামের জন্য আলাদা কর্নার করা হয়েছে। কোনো সরকার গত ৮ বছর হামের টিকা দেয়নি। এ কারণে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বাড়ছে। তবে এ সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে। এ ছাড়া, ঢাকা মেডিকেল ও শিশু হাসপাতালে আইসিইউসহ একাধিক হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।
সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতে নতুন নতুন সংকট দেখা দিচ্ছে। সেগুলো মোকাবিলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করব।
তিনি বলেন, রাজশাহী মেডিকেলের জন্য বেসরকারি অনুদানের মাধ্যমে পাঁচটি ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আগামীকাল চারটি রাজশাহীতে পাঠানো হবে।
হাসপাতালে সংকট নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।