ঢাকা: গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা বিদেশ ভ্রমণের সময়ও ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, যা দেবে আল্ট্রা-ফাস্ট গতির ইন্টারনেটের নিশ্চয়তা। এর ফলে স্ট্রিমিং হবে আরও নির্বিঘ্ন, ভিডিও কল হবে আরও স্বচ্ছ, ডাউনলোড হবে দ্রুততর এবং অনলাইনে কাজও হবে আরও স্বাচ্ছন্দ্যময়, ঠিক যেন বাসায় ব্যবহারের মতো।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে ফাইভজি-উপযোগী স্মার্টফোন এবং গ্রামীণফোন সিম ব্যবহারকারী গ্রাহকরা বিদেশেও নির্বিঘ্নে সংযুক্ত থাকতে পারবেন। কোনও অতিরিক্ত খরচ এবং নতুন কোনও প্যাক কেনার প্রয়োজন ছাড়াই বিদ্যমান রোমিং প্যাকের আওতায় উচ্চগতির ফাইভজি সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। বর্তমানে এই সেবাটি থাইল্যান্ড, মালয়েশিয়া, নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে চালু রয়েছে এবং ধাপে ধাপে তা অন্যান্য দেশে সম্প্রসারিত করা হবে।
গ্রামীণফোনের ফাইভজি রোমিং সেবা বিদেশে উল্লেখযোগ্যভাবে বেশি গতি, কম ল্যাটেন্সি এবং আরও নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য মোবাইল অভিজ্ঞতা নিশ্চিত করে থাকে। প্রযুক্তিগত অগ্রগতি এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনে গ্রামীণফোনের নেতৃত্বকে আরও সুদৃঢ় করলো এই সেবা।