ঢাকা: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) ‘এমটব’র ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জিয়াদ সাতারা গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হলেন এবং ১ এপ্রিল থেকে দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এমটব’র নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলালিংকের সিইও ইয়োহান বুসে, ভাইস প্রেসিডেন্ট গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং পরিচালক হিসেবে রয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন এমটব মহাসচিব ও পরিচালক (অব.) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার।
সভায় এমটবের সদস্য ও সহযোগী সদস্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) এর সিইও উ জি (জেসন), বাংলালিংকের সিসিআরএও তাইমুর রহমান, গ্রামীণফোনের সিসিএও তানভীর মোহাম্মদ, রবি আজিয়াটার সিসিআরও সাহেদ আলম এবং টেলিটকের ডিজিএম লুৎফুল্লাহিল মজিদ।