ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোন হামলার পর প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি। সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, কাতারের কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির পরিচালনা কেন্দ্রগুলোতে সামরিক হামলা হয়েছে। এর ফলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানির দাবি, ইরান থেকে ছোড়া একটি ড্রোন মেসাইদ এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হানে। অপর একটি ড্রোন রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়।
হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই ঘোষণার পরপরই ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রফতানিকারক দেশ কাতার। দেশটির জ্বালানি খাত বৈশ্বিক এলএনজি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে গ্যাস উৎপাদন বন্ধের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।