ইরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর অব্যাহত যৌথ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বার্তা সংস্থা এএফপির খবরে এ সংখ্যা প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে দেশব্যাপী ৭৮৭ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
অবশ্য এএফপি সংস্থাটির দেওয়া এ মৃতের সংখ্যা যাচাই করার মতো অবস্থানে ছিল না।
রেড ক্রিসেন্ট তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘অপারেশনাল টিমের মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুসারে, এই হামলায় দুর্ভাগ্যজনকভাবে ৭৮৭ জন ইরানি মারা গেছেন।’
সংস্থাটি আরও জানিয়েছে, শনিবার থেকে ইরানের ১৫৩টি শহর এবং ৫০০ টিরও বেশি স্থানে ১০০০ এর বেশি হামলা হয়েছে।
এএফপির সাংবাদিকরা বলেছেন, মঙ্গলবার তেহরানে পৃথকভাবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে ইরানি গণমাধ্যম রাজধানীর পশ্চিমে কারাজে এবং কেন্দ্রীয় শহর ইসফাহানে বিস্ফোরণের খবর দিয়েছে।
অন্যদিকে, ইরানও এ হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পালটা আক্রমণ শুরু করেছে।