ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বাহিনী চলমান ১১ দিনের যুদ্ধে দেশটির প্রায় ১০,০০০ বেসামরিক স্থানে বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।
বুধবার (১১ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ১,৩০০ জনেরও বেশি বেসামরিক লোককে হত্যা করা হয়েছে বলে তেহরানের দাবি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। বুধবার ভোরে এ হামলা চালানো হয়।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তারা বর্তমানে সেখানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ‘কিছুক্ষণ আগে আরেকটি আবাসিক এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। বর্তমানে রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধারকাজ পরিচালনা করছেন।’
রেড ক্রিসেন্টের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলগুলো একটি বিধ্বস্ত ভবনে প্রবেশের চেষ্টা করছে এবং একটি উদ্ধারকারী কুকুর ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় রাস্তার ওপর ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। তবে শহরের ঠিক কোন এলাকায় এই হামলা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।
এদিকে আল জাজিরা জানিয়েছে, তেহরানে একটি ব্যাংকে বিমান হামলার ঘটনায় এক কর্মী নিহত হয়েছেন। উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে ব্যাপক হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তেহরানে রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আবাসিক এলাকা এবং শহরের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো যেমন-বিদ্যুৎ, পানি, গ্যাস ও যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।