Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজিরবিহীন হামলার মুখেও দমে নেই ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৬ ১৮:২৯ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৮:৩০

ছবি: রয়টার্স

গত দুই দশকের মধ্যে সবথেকে তীব্র মার্কিন-ইসরায়েলি বিমান হামলার মুখেও পালটা আঘাত হেনেছে তেহরান। বুধবার (১১ মার্চ) ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

একই সঙ্গে পারস্য উপসাগরে অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ১৯৭০-এর দশকের তেল সংকটের পর এটিই বিশ্ব অর্থনীতিতে সবথেকে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে, কারণ বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ পরিবহনকারী হরমুজ প্রণালী বর্তমানে ইরানের কঠোর অবরোধের কবলে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে মিলে যে যুদ্ধ শুরু করেছেন, তা বন্ধের পথ খুঁজছেন- এমন প্রত্যাশায় সপ্তাহের শুরুতে চড়া হওয়া তেলের দাম কিছুটা কমে ব্যারেল প্রতি ৯০ ডলারে নেমেছে। তবে যুদ্ধক্ষেত্রে এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না।

বিজ্ঞাপন

এদিকে পেন্টাগন মঙ্গলবার ইরানের ওপর তাদের ইতিহাসের সবথেকে শক্তিশালী হামলা চালানোর দাবি করেছে। এর প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, তারা ইরাকের মার্কিন ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌ-সদরদফতরে মিসাইল হামলা চালিয়েছে। এ ছাড়া তেহরানে একটি ব্যাংকে হামলার প্রতিবাদে ইরান হুঁশিয়ারি দিয়েছে, তারা এখন থেকে ইসরায়েল বা আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো ব্যাংকে হামলা চালাবে।

অন্যদিকে, পারস্য উপসাগরে অজ্ঞাত হামলায় থাইল্যান্ড, জাপান ও মার্শাল আইল্যান্ডের তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তাদের কৌশলগত মজুদ থেকে রেকর্ড পরিমাণ তেল বাজারে ছাড়ার প্রস্তাব দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এটি দীর্ঘমেয়াদী সংকটের তুলনায় অপর্যাপ্ত।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট করেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান অনির্দিষ্টকাল চলবে। পাল্টা জবাবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণ করতে দেবে না। সংঘাতের এই আবহে তেহরানসহ বিভিন্ন শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, যদিও দেশটির পুলিশ প্রধান যেকোনো ধরনের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর