মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী খোলা রাখতে বিভিন্ন দেশ যুদ্ধজাহাজ পাঠাবে। যুক্তরাষ্ট্র ওই প্রণালির উপকূলে বোমা ফেলবে আর ইরানের যুদ্ধজাহাজ ও নৌযান লক্ষ্য করে ক্রমাগত গুলি ছুড়বে।
শনিবার (১৪ মার্চ) ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ইরানের হরমুজ প্রণালি বন্ধ করার প্রচেষ্টায় যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে যুদ্ধ জাহাজ পাঠাবে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প আশা করেন যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য দেশ ওই এলাকায় জাহাজ পাঠাবে।
তার দাবি করেন, ‘আমরা ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতা শতভাগ ধ্বংস করেছি। তবে তারা যতই পরাজিত হোক না কেন, এই জলপথে ড্রোন, মাইন বা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে।’
তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর উপকূলজুড়ে হামলা চালিয়ে ইরানি নৌযানগুলোকে ধ্বংস করবে যুক্তরাষ্ট্র।
কোনো দেশ জাহাজ পাঠাতে সম্মত হয়েছে কি-না তা জানতে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।