ইরান যুদ্ধে যুক্তরাজ্যের অবস্থানে ‘অসন্তোষ’ ও ‘খুবই বিস্ময়’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৬ মার্চ) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে জাহাজ পাঠানোর মার্কিন অনুরোধ ফিরিয়ে দিয়েছিল যুক্তরাজ্য। পরে বিমানবাহী রণতরি পাঠানোর প্রস্তাব দিলেও তা অনেক দেরি হয়ে গেছে বলে ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তারা সম্ভবত এতে (যুদ্ধে) যুক্ত হবে। তবে তাদের স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হওয়া উচিত ছিল।’
তবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে কথা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, মাখোঁ হরমুজ প্রণালির বাধা দূর করতে সহায়তা করতে আগ্রহী।
কোন দেশগুলো যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে ইচ্ছুক, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শিগগিরই তাদের নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
একই অনুষ্ঠানে ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌযান চলাচল আবার শুরু করতে অন্যান্য দেশগুলোর প্রতি তার আহ্বানের পুনরাবৃত্তি করেন। তিনি জানান, কিছু দেশ সহায়তার জন্য এগিয়ে আসার কথা জানালেও অন্য দেশগুলো ‘তেমন একটা উৎসাহ’ দেখাচ্ছে না।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও মাইন ব্যবহার করে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়।
নৌপথটি পাহারায় বিভিন্ন দেশের সহায়তা চেয়ে ট্রাম্প বলেন, ‘কেউ কেউ এতে খুবই আগ্রহী, আবার কেউ নয়। এমন কিছু দেশও আছে যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করেছি ও বাইরের ভয়াবহ শত্রু থেকে রক্ষা করেছি; অথচ তারা খুব একটা আগ্রহ দেখায়নি। এ আগ্রহের মাত্রাটা আমার কাছে গুরুত্বপূর্ণ।’