Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র-ইরান উভয় পক্ষই যুদ্ধ বন্ধে চুক্তি করতে আগ্রহী: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ২০:৪৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২১:০১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, চূড়ান্ত কোনো চুক্তি হবে কি না—তা এখনো নিশ্চিত নয়।

সোমবার (২৩ মার্চ) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছে এবং তার প্রশাসন দ্রুতই যুদ্ধের অবসান চায়।

ট্রাম্প যোগ করেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে খুব আগ্রহী। আমরাও একটি চুক্তি করতে চাই। আজ সম্ভবত ফোনের মাধ্যমে আমাদের কথা হবে।’ তিনি জানান, তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।

বিজ্ঞাপন

ট্রাম্প দাবি করেন, আলোচনার উদ্যোগ ইরানের দিক থেকেই এসেছে। তবে এ বিষয়ে এখনো তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে,  যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সংলাপ চলছে না। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য মূলত সময়ক্ষেপণ এবং জ্বালানির দাম কমানোর কৌশল।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের “গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য” হয়েছে এবং ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি।

ইসরায়েলের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে কোনো কূটনৈতিক চুক্তিতে পৌঁছায়, তাহলে ইসরায়েল তাতে “খুবই সন্তুষ্ট” হবে।

তবে সম্ভাব্য চুক্তি নিয়ে তিনি সতর্ক অবস্থানও তুলে ধরেন। ট্রাম্প বলেন, “চুক্তি হবে কি না, আমি তার নিশ্চয়তা দিতে পারি না। তবে যদি হয়, তা ইরান ও পুরো অঞ্চলের জন্য একটি ভালো সূচনা হবে।”

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সামরিক হামলা অব্যাহত রাখবে—“আমরা তখন শুধু বোমাবর্ষণ চালিয়ে যাব।”

ট্রাম্প জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এখনো কিছু জানতে পারেনি। খামেনি বেঁচে আছেন কি না, তা তিনি নিশ্চিত নন। ট্রাম্প যোগ করেন, তিনি মোজতবা খামেনির মৃত্যু কামনা করেন না।

এদিকে অনবরত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট  ট্রাম্পের বক্তব্যের জেরে তাকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন মুখপাত্র। ভিডিও বার্তায়, আইআরজিসির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ট্রাম্পকে লক্ষ্য করে বলেন—“‘ইউ আর ফায়ার্ড” (তোমাকে বরখাস্ত করা হলো), যা ট্রাম্পের বহুল পরিচিত উক্তিরই অনুকরণ।

অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চলছিল বলে জানা গেছে। তবে বাস্তবে সরাসরি আলোচনা হয়েছে কি না—এ নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে।

এর আগে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে গত শনিবার (২১ মার্চ) ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন ট্রাম্প। এই সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে দেশটির সব বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন তিনি।এই সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় শেষ হতে চলছিল। তার মাত্র কয়েক ঘণ্টা আগে ইরানে হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প।

অন্যদিকে ইরান পালটা হুমকি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে তারা নৌপথটি পুরোপুরি বন্ধ করে দেবে। অবকাঠামোগুলো মেরামত না করা পর্যন্ত তা বন্ধই থাকবে। তা ছাড়া পুরো অঞ্চলের জ্বালানি ও পানি অবকাঠামোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। পাশাপাশি পারস্য উপসাগরে নৌ-মাইন মোতায়েনেরও হুমকি দিয়েছিল ইরান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর