মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই হরমুজ প্রণালী খুলে যাচ্ছে। ইরানের সঙ্গে চুক্তি হলে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে তখন এই বাণিজ্যিক পথটি নিয়ন্ত্রণ করবে বলে জানান তিনি।
তিনি সোমবার (২৩ মার্চ) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে চললে সেটা খুব শিগগিরই খুলবে।
হরমুজে নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, এটা যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি এবং আয়াতুল্লাহ — যিনিই আয়াতুল্লাহ হোন, পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হোন, তার সঙ্গে মিলে এটা নিয়ন্ত্রণ করব।
ট্রাম্প আরও বলেন, তিনি মুজতবা খামেনিকে ইরানের নেতা হিসেবে বিবেচনা করেন না। তার মতে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মুজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে।
তিনি বলেন, “স্বয়ংক্রিয়ভাবেই একটি শাসন পরিবর্তন ঘটে।” তবে একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, তারা এমন কিছু মানুষের সঙ্গে কাজ করছেন যাদের তিনি “যুক্তিসংগত ও শক্তিশালী” মনে করেন। “ভেতরের লোকেরা জানে তারা কারা। তারা খুবই সম্মানিত, এবং হয়তো তাদের মধ্য থেকেই কেউ আমাদের প্রত্যাশিত ব্যক্তি হবে,” যোগ করেন ট্রাম্প।
এর আগে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে গত শনিবার (২১ মার্চ) ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন ট্রাম্প। এই সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে দেশটির সব বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন তিনি।এই সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় শেষ হতে চলছিল। তার মাত্র কয়েক ঘণ্টা আগে ইরানে হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প।
অন্যদিকে ইরান পালটা হুমকি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে তারা নৌপথটি পুরোপুরি বন্ধ করে দেবে। অবকাঠামোগুলো মেরামত না করা পর্যন্ত তা বন্ধই থাকবে। তা ছাড়া পুরো অঞ্চলের জ্বালানি ও পানি অবকাঠামোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। পাশাপাশি পারস্য উপসাগরে নৌ-মাইন মোতায়েনেরও হুমকি দিয়েছিল ইরান।