Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পকে ‘প্রতারক প্রেসিডেন্ট’ আখ্যা দিল আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ২৩:৪৫ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০০:১৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে ‘প্রতারক আমেরিকান প্রেসিডেন্ট’ আখ্যা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে ‘বেশ জোরালো আলোচনা’ নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর এক প্রতিক্রিয়ায় আইআরজিসি জানায়, তার ‘স্ববিরোধী আচরণ’ ইরানকে যুদ্ধক্ষেত্র থেকে বিচ্যুত করতে পারবে না।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরান “গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছে” এবং দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। তবে তেহরান সেই দাবি অস্বীকার করে জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি।

বিজ্ঞাপন

এরআগে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার শত্রুতা পুরোপুরি ও সার্বিক সমাধানের ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তেহরানের সঙ্গে এই গভীর, বিশদ এবং গঠনমূলক আলোচনায় তাদের সুর ও মেজাজের উপর ভিত্তি করে, যা সপ্তাহজুড়ে চলবে, আমি যুদ্ধ মন্ত্রণালয়কে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি।’

এছাড়াও এয়ার ফোর্স ওয়ানের পাশে দাঁড়িয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, (ইরানের সাথে) আলোচনা ‘খুবই কার্যকর’ হয়েছে এবং এ প্রক্রিয়ায় তার উপদেষ্টা স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার যুক্ত ছিলেন।

আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘দেখা যাক আলোচনা কোন দিকে যায়। আমাদের মধ্যে ঐকমত্যের বড় জায়গা রয়েছে, এবং আমি বলব যে প্রায় সব বিষয়েই আমরা একমত হয়েছি।’

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, যুদ্ধ শেষ করার জন্য দুই দেশ ১৫টি দফা নিয়ে আলোচনা করছে, যার মধ্যে ইরানের পারমাণবিক অস্ত্র বর্জন ‘এক, দুই ও তিন নম্বর’ দফা, বলেন ট্রাম্প।

ইরানের ‘শাসনব্যবস্থার বড় পরিবর্তন’ দেখতে চান উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ‘একজন শীর্ষস্থানীয় ব্যক্তির’ সাথে কথা বলছে, তবে তিনি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নন।

তিনি আরও যোগ করেন, ‘আমরা জানি না তিনি (সর্বোচ্চ নেতা) বেঁচে আছেন কি-না।’

এদিকে ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বাঘাইয়ের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, ‘যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের আলোচনার অনুরোধ নিয়ে কিছু বন্ধু দেশের কাছ থেকে বার্তা পাওয়া গেছে।’

এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পুনরাবৃত্তি করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়ার কথা অস্বীকার করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

এক এক্স বার্তায় তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, এবং আর্থিক ও তেল বাজারকে প্রভাবিত করতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে চোরাবালিতে আটকা পড়েছে তা থেকে বাঁচতে ভুয়া খবর ব্যবহার করা হচ্ছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর