Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরমুজের পর এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৬ ১৮:৪৪

বাব আল-মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির পর এবার আরেকটি কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে ফার্স নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের মূল ভূখণ্ড বা কৌশলগত খার্গ দ্বীপসহ অন্যান্য স্থানে সামরিক অভিযান চালায়, তবে তার পালটা জবাব হিসেবে লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ প্রবেশপথ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে তেহরান।

আইআরজিসির এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জানান, শত্রুপক্ষ যদি পারস্য উপসাগর বা ওমান সাগরে উসকানিমূলক তৎপরতা বৃদ্ধি করে তবে আইআরজিসি বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খুলে দেবে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী এই সংকীর্ণ জলপথটি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

বিশ্বের মোট তেলের প্রায় ১২ শতাংশ এবং সুয়েজমুখী বিপুল বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে চলাচল করে। ফলে এখানে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রণালিটি ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিকটবর্তী হলেও এ অঞ্চলে ইরানের প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। বিশেষ করে ইরানসমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী এই এলাকায় সক্রিয়।

আইআরজিসি জানিয়েছে, হুথি নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এই প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর আরও চাপ সৃষ্টি করতে চায় তেহরান।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী একটি আঞ্চলিক রাষ্ট্রের সহায়তায় শত্রুপক্ষ খার্গ দ্বীপ দখলের প্রস্তুতি নিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হলে সংশ্লিষ্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে কঠোর জবাব দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর