লেবাননে চলমান ১০ দিনের যুদ্ধবিরতি উপলক্ষ্যে সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’ থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (১৭ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
তিনি জানান, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সংহতি রেখে এই সিদ্ধান্তের নেওয়া হয়েছে। যুদ্ধবিরতির বাকি সময়টুকুতে সব ধরনের বাণিজ্যিক জাহাজ এই নটিক্যাল রুট দিয়ে চলাচল করতে পারবে। তবে জাহাজগুলোকে ‘পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন অব ইরান’র আগে ঘোষিত সমন্বিত রুট বা পথ অনুসরণ করেই যাতায়াত করতে হবে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা করেছেন, লেবাননে যে এলাকাগুলো ইসরায়েলি সামরিক বাহিনী দখল করেছে, সেই প্রতিটি অবস্থানে তাদের অবস্থান বজায় থাকবে।
প্রতিরক্ষামন্ত্রীর মতে, সামরিক বা কূটনৈতিক যেকোনো উপায়ে হিজবুল্লাহকে নিরস্ত্র করাই এখন ইসরায়েলি বাহিনীর প্রধান লক্ষ্য।
কাটজ জানিয়েছেন, এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা এবং লেবানন সরকারের ওপর ওয়াশিংটনের চাপ একটি ‘শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার’ হিসেবে কাজ করছে।
তিনি স্পষ্ট করে বলেছেন, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমানে যেসব অবস্থানে রয়েছে, তা তারা ছাড়বে না এবং ভবিষ্যতেও সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখবে।