ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি আবারও ‘আগের অবস্থায়’ ফিরে গেছে। কারণ যুক্তরাষ্ট্র এখনও ইরানের বন্দরগুলোতে অবরোধ চালিয়ে যাচ্ছে।
আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরির কার্যক্রম’ চালিয়ে যাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র উদ্ধৃতি অনুযায়ী বিবৃতিতে বলা হয়েছে, এ কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে এবং এই কৌশলগত জলপথ এখন সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।
এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ না ইরান থেকে অন্য গন্তব্যে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালির অবস্থা কঠোর নিয়ন্ত্রণে এবং আগের অবস্থাতেই থাকবে।
এর আগে কিছু জাহাজকে গুরুত্বপূর্ণ এই নৌপথ অতিক্রম করতে দেখা গেলেও, বর্তমানে কতটা সামুদ্রিক চলাচল হচ্ছে তা স্পষ্ট নয়।
শুক্রবার (১৭ এপ্রিল) ইসরায়েল এবং লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান।
পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছিলেন, লেবাননে যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত সমন্বিত রুট বা পথ অনুসরণ করতে হবে।