হরমুজ প্রণালিতে ইরানের গানবোট থেকে দুইটি ভারতীয় পতাকাবাহী তেলবাহী ট্যাংকারে গুলি চালানো হয়েছে। এতে কেউ আহত হয়নি এবং ট্যাংকার দুটির কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।
শনিবার (১৮ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডের দুটি গানবোট হরমুজ প্রণালি অতিক্রমরত একটি ট্যাংকারের ওপর গুলি চালায়। তারা আরও জানায়, জাহাজ দুটি এবং এর ক্রুরা নিরাপদ রয়েছে।
ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, একাধিক জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়, যার মধ্যে ছিল প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল বহনকারী একটি ভারতীয় পতাকাবাহী ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার। অডিও ইন্টারসেপ্টে দেখা যায়, জাহাজগুলোকে পশ্চিমমুখী ঘুরিয়ে দেওয়ার সময় আইআরজিসির গানবোটগুলো গুলি চালায়।
এর আগে রয়টার্স জানিয়েছিল, কেশম ও লারাক দ্বীপের মাঝামাঝি জলসীমায় গোলাগুলির ঘটনা ঘটে। একটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানায়, জাহাজগুলো প্রণালি অতিক্রম না করেই ওমানের উত্তর-পূর্বে অবস্থিত তেলবাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ থেকে ফিরে যায় এবং একটি কনটেইনার জাহাজও আঘাতপ্রাপ্ত হয়।
ঘটনায় জড়িত দুটি জাহাজের (ট্যাংকার) একটি হলো একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি), যা বিশাল আকারের এবং দীর্ঘ দূরত্বে অপরিশোধিত তেল পরিবহনের জন্য তৈরি ট্যাংকার হিসেবে পরিচিত।
ঘটনার পর নয়াদিল্লি ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই এ বিষয়ে বিবৃতি দেবে বলে জানা গেছে।
এর আগে আজ ইরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘আগের অবস্থায় ফিরে এসেছে’ (হরমুজ প্রণালি ফের বন্ধ)। অন্যদিকে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রয়েছে।