Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৬ ১৯:৩৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৯:৪৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আগামীকাল বুধবার (২২ এপ্রিল) ইরান-যুক্তরাষ্ট্রের চলতি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না। তাছাড়া কোনো চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করতে মার্কিন সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে খুব বেশি সময় নেই।’

তিনি বলেন, ইরান যদি চুক্তি করে তাহলে তারা নিজেদের খুব ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে। তিনি আরও বলেন, ইরানি কর্মকর্তাদের আলোচনায় বসা ছাড়া কোনো উপায় নেই।

বিজ্ঞাপন

এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতির সময় মার্কিন সামরিক বাহিনী তাদের সরঞ্জাম পুনরায় মজুত করেছে এবং তিনি নির্দেশ দিলে সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে ফের হামলা শুরু করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

ট্রাম্প সিএনবিসিকে বলেন, ‌‌‌‘আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে অনেক গোলাবারুদ, সবকিছুরই প্রচুর মজুত রয়েছে… আমরা যুদ্ধবিরতির সময়টা ব্যবহার করেছি পুনরায় মজুত করতে, আর তারাও হয়তো কিছুটা মজুত করেছে।’

অন্যদিকে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয় ইরান; বরং যদি আবার যুদ্ধ শুরু হয়, তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত রয়েছে দেশটি। তাছাড়া আলোচনায় ডেকে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন দেশটির শীর্ষ নেতারা।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে অগঠনমূলক ও পরস্পরবিরোধী সংকেত আসছে। এটি প্রকৃতপক্ষে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার একটি চেষ্টা। পেজেশকিয়ান সাফ জানিয়ে দেন, ‘ইরানিরা কোনো শক্তির কাছে মাথা নত করে না।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির পার্লামেন্ট স্পিকার গালিবাফ বলেন, হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে আমরা নতুন চমক (কার্ড) দেখানোর জন্য প্রস্তুত হয়ে আছি।’

ট্রাম্পের সমালোচনা করে গালিবাফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের টেবিল’ বানাতে চাইছেন অথবা নতুন করে যুদ্ধ বাধানোর অজুহাত খুঁজছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর