Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোদির চারপাশের জায়গা ছোট হয়ে আসছে: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৬ ১৯:২০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ২৩:২৮

ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ধীরে ধীরে তার চারপাশের জায়গা ছোট হয়ে আসছে। বিরোধীদের দমন করতে পুলিশ ব্যবহার বা নেতাকর্মীদের গ্রেফতার করেও আন্দোলন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, ‘আপনারা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন, চারপাশের জায়গা ছোট হয়ে আসছে। আমরাই সেই জায়গা ছোট করে আনছি। মি. মোদি, আপনার যা খুশি করুন। সব পুলিশকে ডাকুন, আপনার যা ইচ্ছা করুন। সব নেতাকে গ্রেফতার করুন। সব তরুণকে গ্রেফতার করুন। আমাদের সবাইকে গ্রেফতার করুন।’

বিজ্ঞাপন

বার্তায় নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নাম উল্লেখ করেন রাহুল। তাদের ‘গল্পের খলনায়ক’ আখ্যা দিয়ে তিনি বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে তারা এমন আচরণ করছেন। তাদের চারপাশের পরিসর ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

দিল্লিতে আটক বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান কংগ্রেস নেতা। সংবিধান রক্ষা ও জনগণের কণ্ঠস্বর তুলে ধরার লড়াইয়ে কংগ্রেস তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

রাহুল গান্ধী বলেন, ‘আমি এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও আরএসএসের বিরুদ্ধে লড়াই করে আসছি। আপনি যেভাবে আপনার প্রতিপক্ষকে বুঝবেন, আমি তাদের ঠিক সেভাবেই বুঝি, একদম ভেতর থেকে, আমার হাতের তালুর মতো। এই লোকগুলোর মূল বৈশিষ্ট্য হলো কাপুরুষতা।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সংবিধান রক্ষা করব। আমরা ভারতের জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখব। গত ১০ থেকে ১৫ বছরে ভারতের ওপর যা করা হয়েছে, তার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে, তা নিশ্চিত করব।’

ভারতের তরুণদের উদ্দেশে রাহুল বলেন, ‘আমি তোমাদের নিয়ে গর্বিত। আন্দোলন চালিয়ে যাও। আমরা তোমাদের পাশে আছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর