Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাকার লোভে একজনের বদলে জেলে আরেকজন, প্রতারণা মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাজিব নামে এক আসামির বদলে আজিজুল হক নামে অন্য একজন কারাভোগ করছিলেন। অনলাইন ডাটাবেজে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় বিষয়টি কর্তৃপক্ষের কাছে ধরা পরে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষ বলছে, ফিঙ্গারপ্রিন্টে মিল না থাকায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আজিজুল স্বীকার করেন, টাকার বিনিময়ে তিনি রাজিবের পরিবর্তে জেল খাটছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) কারা কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, হাজতি নম্বর ১৮১০/২৬ মো. রাজিব (২৬), পিতা মো. রজব আলী চৌকদার, সাং আড়িয়া, থানা হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ–গাজীপুরের টঙ্গী পূর্ব থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে গত ২৫ জানুয়ারি গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পরে ৩১ জানুয়ারি তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হলে অনলাইন ডাটাবেজের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় বন্দির পরিচয় মো. আজিজুল হক, পিতা বাচ্চু মিয়া, সাং কুড়িমারা, থানা হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ হিসেবে শনাক্ত হয়।

পরিচয়ে গরমিল পাওয়ায় জিজ্ঞাসাবাদে আজিজুল জানান, লোভে পড়ে টাকার বিনিময়ে তিনি রাজিবের বদলে কারাভোগে এসেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত উল ফরহাদ বলেন, ১ ফেব্রুয়ারি বিষয়টি আদালতকে জানানো হয়েছে এবং আজিজুলের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হয়েছে। আজিজুল বর্তমানে ওই কারাগারেই আছেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর