ঢাকা: রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
এর আগে, রোববার (১৪ ফেব্রুয়ারি) পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে এর আগে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের ওই নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার রীতি ও প্রথা চালু রয়েছে। সংবিধানের ৩১ ও ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রথা ও রীতিও আইন হিসেবে গণ্য। সে কারণে রমজানে স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত অসাংবিধানিক।
নোটিশে আরও উল্লেখ করা হয়, রোজার মধ্যে শিক্ষার্থীরা দীর্ঘ সময় স্কুলে যাতায়াত ও ক্লাস করায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, যা ধর্মীয় অনুশীলনে বাধা সৃষ্টি করে। এ ছাড়া রমজান মাসে স্কুল চালু থাকলে শহরে যানজট বাড়ে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। আইনি নোটিশের জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়।